

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাওলো দিবালাকে ঘিরে কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটেছে। আর্জেন্টাইন ফরোয়ার্ড ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত ইতালির রাজধানীর ক্লাবটিতেই খেলবেন ৩২ বছর বয়সী এই তারকা।
চুক্তি নবায়নের বিষয়ে রোমা ও দিবালার মধ্যে সমঝোতা আগেই হয়েছিল। তবে ক্লাবের আর্থিক বছরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় ঘোষণা দেওয়া হয়নি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর রোমা নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
দিবালাকে দলে টানার আশা ছাড়েনি আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সও। দায়িত্ব নেওয়ার পর কোচ রদোলফো আরুয়াবারেনা ব্যক্তিগতভাবে দিবালার সঙ্গে যোগাযোগ করেন এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় তার সম্ভাব্য ভূমিকার কথা তুলে ধরেন। তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।
নতুন চুক্তিতে দিবালার বেতন আগের তুলনায় কমানো হয়েছে। পাশাপাশি আগের চুক্তির মতো স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ানোর কোনো ধারা এবার রাখা হয়নি। ফলে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের মাঝামাঝি।
রোমায় যোগ দেওয়ার পর চার মৌসুমে সমর্থকদের অন্যতম প্রিয় ফুটবলার হয়ে উঠেছেন দিবালা। চুক্তি নবায়নের ফলে আগামী মৌসুমে প্রথমবারের মতো রোমার জার্সিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবেন তিনি। এর আগে জুভেন্টাসের হয়ে টানা সাত মৌসুম এই প্রতিযোগিতায় অংশ নেন এবং ২০১৬–১৭ মৌসুমে ফাইনালও খেলেছিলেন।
দিবালার রোমায় থেকে যাওয়ার সিদ্ধান্তে আপাতত বোকা জুনিয়র্সের পরিকল্পনায় ছেদ পড়েছে। তবে আর্জেন্টাইন ক্লাবটি ভবিষ্যতের জন্য দরজা বন্ধ করছে না। ক্লাব কর্তৃপক্ষের লক্ষ্য, দিবালার সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং উপযুক্ত সময়ে আবারও তাকে দলে ভেড়ানোর চেষ্টা করা।
ভবিষ্যতে নিজের শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিয়ে বন্ধু লিয়েন্দ্রো পারেদেসের সঙ্গে খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে হলে অন্তত আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
