সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেছেন ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

‘জুরাসিক পার্ক’ চলচ্চিত্রে ড. অ্যালান গ্রান্ট চরিত্রে অনবদ্য অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেতা স্যাম নিল আর নেই। সোমবার (১৩ জুলাই, ২০২৬) অস্ট্রেলিয়ায় ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্যাম নিলের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ না করলেও পরিবার জানিয়েছে, এই মৃত্যু ছিল একবারে ‘হঠাৎ এবং অপ্রত্যাশিত।’

তবে জীবনের শেষ মুহূর্তে তিনি পরিবারের সদস্যদের মাঝেই ছিলেন এবং অত্যন্ত মর্যাদার সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

২০২৩ সালে প্রকাশিত নিজের আত্মজীবনীতে স্যাম নিল জানিয়েছিলেন যে, তিনি তৃতীয় পর্যায়ের ‘নন-হজকিন লিম্ফোমা’ (এক ধরণের রক্ত ক্যান্সার) রোগে আক্রান্ত হয়েছিলেন।

এক সময় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও পরবর্তী সময়ে উন্নত জিনভিত্তিক ইমিউন থেরাপির মাধ্যমে তিনি সম্পূর্ণ ক্যান্সারমুক্ত হন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সময়েও তিনি ক্যান্সারমুক্ত ছিলেন, যা এই শোকের মাঝেও তাদের জন্য কিছুটা স্বস্তির। বিদায়ের আগে তিনি সিডনির সেন্ট ভিনসেন্টস প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৭০-এর দশকে অভিনয়জগতে পা রাখা নিউজিল্যান্ডের এই গুণী অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী কাজ উপহার দিয়েছেন।

‘জুরাসিক পার্ক’ ছাড়াও তিনি ‘পিকি ব্লাইন্ডার্স’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ এবং ‘দ্য পিয়ানো’র মতো বিখ্যাত চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

অভিনয়কে ভালোবাসলেও রূপালী পর্দার বাইরে তার আরেকটি দারুণ জগৎ ছিল। নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগো অঞ্চলে তার নিজস্ব একটি আঙুরের বাগান ছিল, যা তিনি নিজেই পরিচালনা করতেন।

পর্দায় ডাইনোসরদের মুখোমুখি হওয়া সেই সাহসী ড. অ্যালান গ্রান্ট বাস্তব জীবনের লড়াই শেষ করে চলে গেলেন এক শান্তিময় বিদায়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup