

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীসহ সারা দেশে ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য শিগগিরই সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়; বরং এগুলোকে কীভাবে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালিবিধির ৭১ ধারায় দেওয়া নোটিশের ওপর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকায় ব্যাটারিচালিত যানবাহনের বিষয়টি মূলত সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের আওতাধীন। ফলে এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণের সুযোগ সীমিত। তবে রাজধানীতে সমন্বিত বহুমাত্রিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, ব্যাটারিচালিত রিকশা ও অনুরূপ যানবাহন কীভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ঢাকা সিটিসহ সারা দেশের জন্য একটি সমন্বিত নির্দেশনা প্রণয়ন করা হচ্ছে। সেই নির্দেশনার আলোকে সরকার ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে উত্থাপিত নোটিশে সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা দ্রুত বাড়ছে। এসব যান পরিবেশবান্ধব ও স্বল্প ব্যয়ে চলাচলের সুযোগ তৈরি করলেও অনিয়ন্ত্রিত পরিচালনা, অদক্ষ চালক, প্রশিক্ষণ ও লাইসেন্সের অভাব এবং ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতার কারণে যানজট, দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।
তিনি এসব যানবাহন বন্ধ না করে নির্দিষ্ট কর্তৃপক্ষের আওতায় এনে মানোন্নয়ন ও শৃঙ্খলার মধ্যে পরিচালনার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।
জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ব্যাটারিচালিত যানবাহন বন্ধ করা নয়; বরং নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনার আওতায় এনে পরিচালনা নিশ্চিত করা।