

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। সংগঠনের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতির কারণেই তিনি ছাত্রশিবির ছেড়েছেন।
সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ছাত্রশিবির থেকে বিদায়ের বিষয়টি নিশ্চিত করেন সাদিক কায়েম।
সংগঠনের একটি সূত্রের দাবি, ছাত্রশিবিরের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনে দায়িত্বে থাকা অবস্থায় এ ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সে কারণেই তিনি সংগঠন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো কেটেছে এই কাফেলার সঙ্গে।’
নিজের দীর্ঘ বার্তায় ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই সংগঠন তাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করেছে এবং আত্মিক ও আধ্যাত্মিক বিকাশের পথ দেখিয়েছে।
পোস্টের শেষাংশে তিনি সংগঠনের নেতা-কর্মীদের জন্য দোয়া করেন এবং ভবিষ্যতে ইসলামী ছাত্রশিবিরের সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, গত ১ মে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করে।
পরে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনে দায়িত্বে থাকা অবস্থায় কোনো সদস্য নির্বাচনে অংশ নিতে পারেন না।
অন্যদিকে শিবিরের বর্তমান সেশনের ষান্মাসিকে আরও ৯ জন নেতার ছুটি হয়েছে।
শিবির থেকে বিদায় নেওয়া নেতারা হলেন, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।
