

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে ফ্রান্স ও স্পেনের বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের রেফারি ইভান বারটন। এই নিয়োগের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি।
ফিফার ঘোষিত রেফারি প্যানেল অনুযায়ী, চলতি আসরে এটি হবে বারটনের চতুর্থ ম্যাচ। এর আগে তিনি গ্রুপ পর্বে তুরস্ক–প্যারাগুয়ে ও জাপান–সুইডেন ম্যাচে দায়িত্ব পালন করেন। পরে শেষ ষোলোতে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচও পরিচালনা করেন এই অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল।
কনকাকাফ অঞ্চলের অন্যতম পরিচিত রেফারি হিসেবে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ফুটবলে দায়িত্ব পালন করছেন বারটন। উয়েফার বাইরে নেশনস লিগ ও কনকাকাফ গোল্ড কাপের মতো বড় প্রতিযোগিতায় নিয়মিত ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে অভিষেক হয় তার।
চলতি বিশ্বকাপে তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে একটি সিদ্ধান্তের কারণে আলোচনায় আসেন বারটন। ভিএআরের সহায়তায় একটি ঘটনা পর্যালোচনার পর প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান তিনি। বিশ্বকাপে মুখ ঢেকে প্রতিপক্ষকে উদ্দেশ্য করে মন্তব্য করার অভিযোগে এটিই ছিল প্রথম বহিষ্কারের ঘটনা।
ফ্রান্স-স্পেন ম্যাচে বারটনের দুই সহকারী হিসেবে থাকবেন এল সালভাদরেরই ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাহবোদ বেগি।
এই নিয়োগ শুধু বারটনের ব্যক্তিগত অর্জনই নয়, এল সালভাদরের ফুটবল ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ, পুরুষদের বিশ্বকাপে সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া দেশটির প্রথম রেফারি হতে যাচ্ছেন তিনি।
