

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের কিংবদন্তি সংগীতকার এ আর রহমান বাংলাদেশের দুই সংগীতশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার কাভার করা একটি গান দেখে মুগ্ধ হয়েছেন।
এই জুটির ‘মোজি অ্যান্ড কোং’ প্রকল্পের আওতায় পুরনো গান নতুন আঙ্গিকে পরিবেশন করার উদ্যোগটি তাঁর বেশ ভালো লেগেছে। তাই ব্যতিক্রমী এই পরিবেশনাটি অস্কারজয়ী এই সুরকার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।
সম্প্রতি শুভ ও নন্দিতা এ আর রহমানের সুর করা বিখ্যাত হিন্দি গান ‘সাওয়ারিয়া’ কাভার করেন। ওপার বাংলার কিংবদন্তি এই সুরকারের নিজের গান বাংলাদেশের এই দুই শিল্পীর কণ্ঠে নতুন রূপে শুনে তিনি দারুণ প্রীত হন।
মুগ্ধতা প্রকাশ করতেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করে নেন।
সকালে ঘুম থেকে উঠেই নিজেদের কাভার করা গানটি প্রিয় কিংবদন্তির ইনস্টাগ্রামে দেখে উচ্ছ্বাসে ভাসেন শুভ ও নন্দিতা। এই বিশেষ মুহূর্তটি তারা নিজেদের ফেসবুক পেজে ভক্তদের সাথে শেয়ার করেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে শুভ বলেন,
"ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। যার কাজ সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে, তিনিই আমাদের গান দেখে মুগ্ধ হয়েছেন এবং শেয়ার করেছেন- এটি সত্যিই এক দারুণ অনুভূতি।"
অন্যদিকে নন্দিতা তার উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি যেন একটি স্বপ্নের মতো মুহূর্ত পার করছেন এবং এই স্মৃতি তার সারাজীবনের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
শুভ ও নন্দিতা বাংলাদেশের বর্তমান প্রজন্মের অন্যতম দুই প্রতিভাবান শিল্পী। দীর্ঘদিন ধরে সংগীতচর্চার সাথে যুক্ত থাকলেও, মূলত 'কোক স্টুডিও বাংলা'-র ‘বুলবুলি’ গানটির মাধ্যমে এই দুই তারকা শ্রোতামহলে ব্যাপকভাবে আলোচনায় আসেন এবং জনপ্রিয়তা লাভ করেন।