রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে আর্জেন্টিনাকে ‘ভয়’ পাচ্ছে স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে স্পেন। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার শারীরিক ফুটবল স্প্যানিশ শিবিরের চিন্তা বাড়িয়েছে। স্পেনের ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে মনে করেন, ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে রেফারিকে শুরু থেকেই কঠোর ভূমিকা নিতে হবে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, ফুটবলে শারীরিক লড়াই থাকবেই, তবে সেটি যেন নিয়মের সীমা অতিক্রম না করে। তার মতে, সাম্প্রতিক ম্যাচগুলোতে আর্জেন্টিনার কিছু ট্যাকল এমন ছিল, যা আন্তর্জাতিক পর্যায়ের বড় আসরে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।

লাপোর্তের ভাষ্য, অতিরিক্ত আক্রমণাত্মক ফুটবল ম্যাচের স্বাভাবিক গতি নষ্ট করে এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে। তাই শুরু থেকেই নিয়মের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা রেফারির গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন তিনি।

স্পেন নিজেদের ভিন্ন ধরনের দল হিসেবেই দেখতে চায়। লাপোর্তে বলেন, টুর্নামেন্টজুড়ে তারা পরিচ্ছন্ন ও নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে। প্রতিপক্ষকে অযথা চাপে ফেলা বা ইচ্ছাকৃত ফাউলের মাধ্যমে ম্যাচের গতিপথ বদলানোর কৌশলে তারা বিশ্বাসী নয়। সেই ধারা বজায় রেখেই ফাইনাল খেলতে চায় স্পেন।

তবে আর্জেন্টিনার সমালোচনা করলেও লিওনেল মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা আলাদা করে উল্লেখ করেছেন লাপোর্তে। তাঁর মতে, মেসি বহু বছর ধরেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নাম এবং ছোটবেলা থেকেই তাঁর খেলা দেখে বড় হয়েছেন। কিন্তু ফাইনালের দিনে ব্যক্তিগত আবেগের জায়গা নেই; স্পেনের লক্ষ্য একটাই—শিরোপা জেতা।

লাপোর্তে আরও জানান, বিশ্বকাপ শুরুর আগে অনেকেই স্পেনকে শিরোপার দাবিদার হিসেবে দেখেননি। কিন্তু দলের ভেতরে শুরু থেকেই আত্মবিশ্বাস ছিল। সেই বিশ্বাসের জোরেই তারা ফাইনালে উঠেছে। এখন এতটা পথ এসে ট্রফি হাতছাড়া হলে সেটি দলের জন্য বড় হতাশার কারণ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Argentina
Scheduled
20 Jul, 01:00 AM
VS
World Cup