

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই ম্যাচ বিশেষ এক আবেগ তৈরি করেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির পরিবারেও। কারণ তার জীবনের বড় একটি অধ্যায় জড়িয়ে আছে স্পেনের সঙ্গে। স্ত্রী স্প্যানিশ, দুই সন্তানের জন্মও স্পেনে। ফলে শিরোপা নির্ধারণী এই ম্যাচে পরিবারের একাংশের সমর্থন থাকবে স্পেনের পক্ষে, আর অন্য অংশ থাকবে আর্জেন্টিনার পাশে।
ফাইনালের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্কালোনি জানান, স্ত্রী ও দুই ছেলে অবশ্যই আর্জেন্টিনাকেই সমর্থন করবে। তার ভাষায়, জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে কতটা চাপ, পরিশ্রম ও আবেগের মধ্য দিয়ে যেতে হয়, সেটা তার স্ত্রী খুব ভালো করেই বোঝেন। সন্তানরাও সেই বাস্তবতার সঙ্গে পরিচিত।
২০০৮ সালে ইতালির লাৎসিও ছেড়ে স্প্যানিশ ক্লাব মায়োর্কায় যোগ দেওয়ার পর এলিসা মন্তেরোর সঙ্গে পরিচয় হয় স্কালোনির। পরে তাদের সংসার গড়ে ওঠে। ২০১২ সালে বড় ছেলে ইয়ান এবং ২০১৬ সালে ছোট ছেলে নোয়ার জন্ম হয় মায়োর্কাতেই। জন্মসূত্রে স্প্যানিশ নাগরিক হলেও, দুই সন্তান বাবার দেশ আর্জেন্টিনারই সমর্থক।
২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনার উদ্যাপনে স্কালোনির দুই ছেলেকে আকাশি-সাদা জার্সি পরে খেলোয়াড়দের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা গিয়েছিল। সেই স্মৃতিই ইঙ্গিত দেয়, ফাইনালেও তাদের পছন্দের দল কোনটি।
তবে স্কালোনির শ্বশুরবাড়ির সদস্যদের অবস্থান ভিন্ন। তাদের সবার বসবাস স্পেনের মায়োর্কায়। তাই স্বাভাবিকভাবেই তারা স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অপেক্ষায় থাকবেন।
এ প্রসঙ্গে স্কালোনি বলেন, মায়োর্কায় থাকা আত্মীয়দের জন্য পরিস্থিতি সহজ নয়। একদিকে নিজের দেশের প্রতি সমর্থন, অন্যদিকে পরিবারের সম্পর্ক—দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে নেওয়াটাই তাঁদের জন্য সবচেয়ে কঠিন।
মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনালে আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বসেরার মুকুট ফিরে পেতে মাঠে নামবে স্পেন। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি স্কালোনির পরিবারের আবেগও হয়ে উঠেছে এই ফাইনালের এক অনন্য গল্প।
