

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের পর এবার টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি আর্জেন্টিনার সামনে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালের আগে সবচেয়ে বড় আলোচনা এখন লিওনেল স্কালোনি কোন একাদশ নিয়ে মাঠে নামবেন?
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে নজর কাড়া নিকোলাস গঞ্জালেস ও গঞ্জালো মন্টিয়েলের পারফরম্যান্স কোচ স্কালোনির পরিকল্পনায় নতুন ভাবনার জন্ম দিয়েছে।
দুজনই সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে ফাইনালের শুরু থেকেই তাদের মাঠে রাখার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে স্কালোনি এখনো নিজের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেননি। বরাবরের মতো ফাইনালের আগে সংবাদ সম্মেলনেও সম্ভাব্য একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দেননি আর্জেন্টাইন কোচ।
স্পেনের আক্রমণভাগের অন্যতম বড় শক্তি লামিনে ইয়ামাল এবং ডান দিকের আক্রমণভাগ সামলানোই এখন আর্জেন্টিনার অন্যতম চ্যালেঞ্জ। এই কারণেই রক্ষণে বাড়তি ভারসাম্য আনতে বাঁ প্রান্তে নিকোলাস তাগলিয়াফিকোর পাশে নিকো গঞ্জালেসকে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। এতে জায়গা হারাতে পারেন হুলিয়ান সিমিওনে।
অন্যদিকে মাঝমাঠে লিয়েন্দ্রো পারেদেস পুরোপুরি ফিট থাকলে তার খেলা প্রায় নিশ্চিত। এ ছাড়া এঞ্জো ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গাও শক্ত। রদ্রিগো ডি পলেরও আবার মূল একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।
রক্ষণভাগে সবচেয়ে বড় প্রশ্ন নাহুয়েল মলিনাকে নিয়ে। চলতি বিশ্বকাপে নিজের সেরা ছন্দে নেই এই রাইট-ব্যাক। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালেও তাকে বেশ কয়েকবার সমস্যায় পড়তে দেখা গেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে মলিনার জায়গায় মন্টিয়েলকে নামানো স্কালোনির নিয়মিত কৌশলে পরিণত হয়েছে।
তবে ফাইনালের মতো বড় ম্যাচে পেনাল্টি শুটআউটের সম্ভাবনাও মাথায় রাখছেন স্কালোনি। সেই বিবেচনায় শুরু থেকেই মন্টিয়েলকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার চতুর্থ ও শেষ পেনাল্টি নিয়ে শিরোপা নিশ্চিত করেছিলেন মন্টিয়েল। চাপের মুহূর্তে তাঁর আত্মবিশ্বাসই বড় শক্তি।
সব মিলিয়ে ফাইনালের আগে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে সবচেয়ে বড় লড়াই চলছে দুই-একটি পজিশন ঘিরে। বাকি জায়গাগুলোতে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, লিয়েন্দ্রো পারেদেস, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; নিকোলাস গঞ্জালেস/হুলিয়ান সিমিওনে; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
