

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময়ের জন্য বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সাধারণ যানবাহনের চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। একই সময়ে সাধারণ যানবাহনের প্রবেশ ও চলাচলেও কড়াকড়ি থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত—এই পাঁচটি প্রবেশপথ দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন প্রবেশের অনুমতি পাবে।
জরুরি সেবার আওতায় থাকবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহন, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন পণ্য ডেলিভারি যানবাহন এবং অন্যান্য সরকারি যানবাহন।
তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি স্বাভাবিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশে বিদ্যমান বিধিনিষেধ আগের মতোই বহাল থাকবে।