শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচয় জানতে চাওয়ায় হামলা, নদীতে মিলল জেলের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১২:০১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুর্বৃত্তদের হামলায় আলী আহমদ (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, নদীতে সন্দেহজনকভাবে চলাচলকারী কয়েকজনের পরিচয় জানতে চাওয়ার জেরে এ হামলার ঘটনা ঘটে। পরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আলী আহমদ উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের সোলামুড়া এলাকার উত্তর রাজাবাড়িয়া দত্তখলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় জেলে ছিলেন।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে একদল ব্যক্তি রাতের আঁধারে নৌপথে সন্দেহজনকভাবে চলাচল করছিল। পরশু রাতে তাদের পরিচয় জানতে চাইলে তারা সেখান থেকে চলে যায়। তবে শুক্রবার রাতে তারা আবার ওই এলাকায় আসে।

স্বজনদের অভিযোগ, ওই সময় আলী আহমদ তার ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরছিলেন। দুর্বৃত্তরা প্রথমে তার ছেলেকে বেঁধে মারধর করে। পরে আলী আহমদের মাথায় আঘাত করে তাকে নদীতে ফেলে দেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার দুপুর দেড়টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বিজয়নগর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন