মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরান আবারও আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, এই সপ্তাহের শেষ দিকে উভয় পক্ষের মধ্যে নতুন দফা বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার থেকে রোববারের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে, যদিও এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।

এর আগে গত শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে। তবুও উভয় দেশের কূটনীতিকরা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে আলোচনা অব্যাহত রেখেছেন।

নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। অপরিশোধিত তেলের দাম কমে ১০০ ডলারের নিচে নেমে এলেও পরিস্থিতি এখনো অস্থির বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরান কার্যত নিয়ন্ত্রণ জোরদার করেছে, আর যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বন্দরগামী জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। উভয় পক্ষই কঠোর অবস্থান বজায় রেখে প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য এখনো বিরোধের মূল কারণ হিসেবে রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চাইছে ইরান তার সমৃদ্ধ পারমাণবিক উপাদান অপসারণ করুক এবং সম্ভাব্য অস্ত্র তৈরির পথ বন্ধে কঠোর আন্তর্জাতিক নজরদারি ব্যবস্থা মেনে নিক।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে, যা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank