

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে মো. দুলাল মিয়া (৩৫) নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও লাল রঙের কসটেপে মোড়ানো ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার দুলাল মিয়া মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামের (৫ নম্বর ওয়ার্ড) মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে তল্লাশি চালিয়ে হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পিস্তল এবং ৬টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তার মো. দুলাল মিয়ার বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলাসহ বিভিন্ন থানায় একাধিক অপরাধের মামলা রয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, "দুলাল মিয়া একজন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।"


