মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধনকে আওয়ামী কর্মীদের হেনস্তা, ক্ষোভ ঝাড়লেন পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
আজমেরী হক বাঁধন ও পিয়া জান্নাতুল
expand

ভেনিসে বাংলাদেশের পরিচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর প্রকাশ্যে হেনস্তা ও হামলার ঘটনায় ক্ষোভে ফুসে উঠেছে দেশের বিনোদন অঙ্গন।

নারী ও শিল্পীদের প্রতি মানুষের এ হেন হিংসাত্মক ও সংবেদনহীন আচরণের কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।

আজমেরী হক বাঁধন সম্প্রতি ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারসহ ঘুরতে গিয়ে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হন। ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্র থেকে দেখা যায়, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয়ে একদল ব্যক্তি অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে গালাগাল করে এবং লাঞ্ছিত করে।

বাঁধন পরবর্তীতে ফেসবুক লাইভে এসে জানান, তার দিকে পানীয় ও কোক ছুড়ে মারা হয়, শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

গত ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজপথে সক্রিয় থাকার কারণে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে ভেনিসের স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিদেশের মাটিতে দেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর ওপর এমন হামলার ঘটনা নাড়া দিয়েছে আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সরাসরি নাম উল্লেখ না করে মানুষের মানসিক অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন,

‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়। দেশের বাইরে থাকলেই যে মানুষের চিন্তাভাবনা বদলে যায়, বা মনটা আরও খোলামেলা হয়ে যায় আসলে তা না। আমার কাছে আসল উন্নতি বোঝা যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করে, কতটা বুঝতে পারে, আর কতটা মানবিক থাকতে পারে- সেখানেই। দুঃখের বিষয়, এই জায়গাগুলোতেই আমরা যেন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি।’

ইতালির মতো জায়গায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি প্রবাসে প্রবাসী বাংলাদেশীদের সচেতনতা নিয়ে প্রশ্ন তুলেছে।

বাঁধনের সহশিল্পী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank