মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁধনের ওপর হামলা, নড়েচড়ে বসেছে ভেনিস প্রশাসন

মালিক মনজুর, ইতালি থেকে
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
ছবি: এনপিবি গ্রাফিক্স
expand

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইতালির ভেনিস প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে দেশটির পুলিশের একটি বিশেষ শাখা।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইতালির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’ এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে জানানো হয়, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওরিয়ন্তি’ বিভাগে নির্বাচিত, রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে ভেনিসে অবস্থান করছেন অভিনেত্রী ও মডেল আজমেরী হক বাঁধন। ভেনিসের মেস্ত্রে এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দ্বারা তিনি শারীরিক হামলা ও মানসিক লাঞ্ছনার শিকার হন। ঘটনার সময় হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে অভিহিত করে গালাগাল করে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া স্বৈরাচারবিরোধী গণতন্ত্রপন্থী গণআন্দোলনে অংশ নেওয়া বা আহতদের বোঝাতে ‘জুলাই যোদ্ধা’ শব্দটি ব্যবহার করা হয়। উল্লেখ্য, ওই ঐতিহাসিক গণআন্দোলনের মুখেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল।

‘ইল গাজ্জেত্তিনো’ আরও জানায়, বাঁধনের ওপর এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে ভেনিস পুলিশ। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে ইতালীয় পুলিশের বিশেষ শাখা তাদের তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে শারীরিক লাঞ্ছনা ও হামলার কথা জানান বাঁধন। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইতালি প্রবাসী কর্মীদের দিকে এ হামলার অভিযোগ তুলেন তিনি।

লাইভে এসে বাঁধন বলেন, ‘এখানে আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে একদল প্রবাসী বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করেছে। আমার গায়ে পানি-কোল্ডড্রিংকস ছুড়ে মেরেছে।

অভিনেত্রীর সঙ্গে থাকা তার ভাইয়ের ছোট বাচ্চা ভয় পেয়েছে বলে জানান তিনি। তিনি জানান, তার ভাতিজা ভয়ে চিৎকার করছিল।

হামলাকারীরা গায়ে হাত তুলেছে অভিযোগ করে তিনি বলেন, ‘তারা আমার ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছে এবং আমার কানের পাশে বাড়ি মেরেছে। তারা আমাকে জুলাইযোদ্ধা বলেছে। আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

আক্রমণকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তারা আমাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেছে। সেগুলো তারা ভিডিও করছিল। লাইভ করছিল।’

পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমাকে দমানো সহজ নয়। আমার মনে হয়েছিল, আজকে আমাকে মেরে ফেলতে পারে।’

এদিকে বাঁধনের ওপর হামলার ঘটনায় ফুঁসে উঠেছে শিল্পাঙ্গন। অনেক অভিনেতা ও অভিনেত্রী এ ঘটনায় প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে পরী মণি লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল এক পোস্টে লিখেছেন, ‘মানুষ দিন দিন এতটা নিষ্ঠুর আর ইনসেনসিটিভ (সংবেদনহীন) হয়ে যাচ্ছে, বিশেষ করে নারী আর শিল্পীদের প্রতি, যেটা সত্যিই ভাবায়।’

অভিনেত্রী জাকিয়া বারী মম বাঁধনকে হেনস্তার একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ঘৃণা প্রকাশের পাশাপাশি পরবর্তী এক পোস্টে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ ও অসন্তোষের কথা তুলে ধরেন।

ছোটপর্দার অভিনেত্রী সাফা কবির বলেছেন, শের বাইরে চলচ্চিত্র ও মাতৃভূমিকে প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন শিল্পীকে অপমান, হয়রানি ও আতঙ্কের মুখে পড়তে হওয়াকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ছাড়াও এ ঘটনায় নিন্দা জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক পোস্টে তারা ঘটনাটির প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশে ও বিদেশে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank