মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেপ্তার ৩
expand

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক জনসমাবেশকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক, ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ এলাকার খোরশেদ আলমের ছেলে কামরুল হাসান (৪৩), বারৈয়ারঢালা ইউনিয়নের মহালাঙ্গা গ্রামের আবুল হাসেমের ছেলে মো. সাদেক আলী (২৮) এবং মো. হানিফ (৩৪)।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, গত ১ সেপ্টেম্বরের সংঘর্ষের ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা পুলিশ। এর ধারাবাহিকতায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়। পরবর্তীতে একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুকও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অবৈধ অস্ত্রের প্রদর্শন চট্টগ্রাম জেলা পুলিশ কোনোভাবেই বরদাশত করবে না। অপরাধী যে দলের, যে গ্রুপের কিংবা যে রাজনৈতিক পরিচয়ই ব্যবহার করুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank