

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোরার দিনকাল কাটছে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে। একদিকে ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছেন, অন্যদিকে বিতর্কিত ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের অর্থ আত্মসাৎ মামলায় নাম জড়িয়ে পড়েছেন আইনি জটিলতায়। এই টানাপোড়েনের মাঝেই এবার নতুন এক আইনি ধাক্কা খেলেন এই বলিউড তারকা।
একটি চার্টার্ড বিমান নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার অভিযোগে নোরার বিরুদ্ধে ৩ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করেছে 'ডিউন্স অ্যাভিয়েশন' নামের একটি ভারতীয় বিমান সংস্থা। গুজরাটের গান্ধীনগর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। তাদের অভিযোগ, নোরার মন্তব্যের কারণে ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি।
ঘটনার শুরু গত বছরের ডিসেম্বরে, যখন নোরা ফাতেহি মুম্বাই থেকে জয়পুর যাওয়ার উদ্দেশ্যে ডিউন্স অ্যাভিয়েশনের একটি বিমানে ওঠেন। সফরকালে বিমানের ভেতরের কিছু ভিডিও ধারণ করে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি। ভিডিওতে বিমানটিকে 'মিনিয়েচার', 'খেলনা' এবং 'লেগো এয়ারপ্লেন'-এর মতো বলে মন্তব্য করেন নোরা, যা মুহূর্তেই নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে যায়।
বিমান সংস্থাটির দাবি, প্রযুক্তিগত জ্ঞান বা তথ্য যাচাই ছাড়াই নোরার করা এই ভিত্তিহীন মন্তব্যের কারণে তাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ভিডিওটি ছড়ানোর পর তাদের বিমানের বুকিং প্রায় ১৫ থেকে ২০ শতাংশ কমে যায় এবং বুকিং বাতিলের সংখ্যাও আশঙ্কাজনকভাবে বেড়ে যায়, যা সরাসরি তাদের বাণিজ্যিক কার্যকলাপে প্রভাব ফেলেছে।
মামলায় ক্ষতিপূরণ হিসেবে নোরার কাছে ৩ কোটি রুপি দাবি করার পাশাপাশি ভিডিওগুলো সব মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
সংস্থাটি জানায়, নোরা যে বিমানটিকে 'খেলনা' বলেছেন, সেটি সব নিরাপত্তা মানদণ্ড মেনে তৈরি একটি উপযুক্ত বিমান। তবে এই মামলার বিষয়ে নোরা ফাতেহির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


