বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা সাইকেল নিয়ে আলোচনায় মেহেরপুরের সোহাগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পেশায় একজন সাধারণ শ্রমজীবী হলেও ফুটবলের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তার আবেগ ও সমর্থন তাকে এলাকায় এক অন্যরকম পরিচিতি এনে দিয়েছে। নিজের ব্যবহৃত বাইসাইকেলটিকে আর্জেন্টিনার ছোট ছোট পতাকা দিয়ে সাজিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মেহেরপুরের টাইলস মিস্ত্রি সোহাগ।

মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের বাসিন্দা সোহাগ। নিজের ভালোবাসার এই সাইকেলের নাম দিয়েছেন ‘আর্জেন্টিনা সাইকেল’। ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই এই সাইকেল নিয়ে তিনি শহর, পাড়া, মহল্লা ও গ্রামের এক মাঠ থেকে অন্য মাঠে ছুটে বেড়ান। নিজের ব্যবহৃত বাইসাইকেলটিকে সোহাগ সাজিয়েছেন আর্জেন্টিনার ছোট ছোট পতাকা দিয়ে। তবে নিজ দেশের প্রতি ভালোবাসারও কমতি নেই তার। তাই দেশের লাল-সবুজ পতাকাও লাগিয়েছেন সাইকেলে। এছাড়া ফুটবল তারকা লিওনেল মেসির বিভিন্ন ছবি ও স্টিকার লাগিয়েছেন সাইকেলের বিভিন্ন অংশে। এবার নিয়ে টানা তিন বিশ্বকাপে সাইকেল সাজিয়ে নিজ দলের প্রতি সমর্থন তুলে ধরছেন তিনি। তার ব্যতিক্রমী এই উদ্যোগ শুধু আর্জেন্টিনা সমর্থকদেরই আনন্দ দিচ্ছে না, অন্যান্য ফুটবলপ্রেমীদের মাঝেও তৈরি করছে নতুন উৎসাহ। অনেকেই তার সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ কেউ তার সাইকেলটা একটু চালিয়েও দেখছেন। গ্রামবাসী জানায়, নিজের কর্মস্থল থেকে ফিরে সোহাগ সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। ছুটির দিনে তাকে দেখা যায় দূরে কোনো খেলার মাঠে কিংবা জনবহুল সমাবেশে। অনেকেই তার সাইকেলটি একনজর দেখতে ভিড় জমান।

নিজের এই উদ্যোগ নিয়ে সোহাগ বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলকে সমর্থন করি। মেসির খেলা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। তাই নিজের ভালোবাসার প্রকাশ হিসেবে সাইকেলটিকে আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজিয়েছি। মানুষ যখন এটি দেখে খুশি হয়, তখন আমারও অনেক ভালো লাগে।’

আর্জেন্টিনা সমর্থকরা বলছেন, সোহাগের এই উদ্যোগ ফুটবলের প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী দল ব্রাজিলের সমর্থকরাও তার সৃজনশীলতা ও খেলার প্রতি আন্তরিক ভালোবাসাকে সাধুবাদ জানাচ্ছেন। অন্যান্য দলের সমর্থকরাও সোহাগের প্রশংসায় পঞ্চমুখ।

ফুটবল কেবল একটি খেলা নয়, বরং মানুষের আবেগ ও সম্প্রীতিরও একটি মাধ্যম মেহেরপুরের টাইলস মিস্ত্রি সোহাগের ‘আর্জেন্টিনা সাইকেল’ যেন ফুটবলপ্রেমীদের মাঝে সেই বার্তাই ছড়িয়ে দিচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup