মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিসর ম্যাচে আর্জেন্টিনার একাদশে তিন পরিবর্তনের আভাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ-৩২ এ কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ওঠার লড়াইয়ে শক্তিশালী মিসরের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মঙ্গলবার (০৭ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এ ম্যাচ।

ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, তিনি এরই মধ্যে একাদশ নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করেছেন। দলীয় সূত্র ও আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগের ম্যাচের তুলনায় তিনটি পরিবর্তন দেখা যেতে পারে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি সরাসরি একাদশ প্রকাশ না করলেও জানান, দলের পরিকল্পনা প্রস্তুত। তবে খেলোয়াড়দের আগে জানানো হয়নি বলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সম্ভাব্য একাদশ নিয়ে গণমাধ্যমে যে আলোচনা চলছে, তা বাস্তবতার কাছাকাছি বলেও ইঙ্গিত দেন তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রক্ষণভাগে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো। চোটের কারণে আগের ম্যাচগুলোতে অনুপস্থিত ছিলেন অভিজ্ঞ এই লেফটব্যাক। তার ফেরায় ফাকুন্দো মেদিনাকে জায়গা ছাড়তে হতে পারে।

আক্রমণভাগেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শুরু থেকে খেলা লাউতারো মার্টিনেজকে বিশ্রামে রেখে হুলিয়ান আলভারেজকে একাদশে ফেরানোর পরিকল্পনা করছেন স্কালোনি। চোট কাটিয়ে এখন পুরোপুরি প্রস্তুত আলভারেজ। আগের ম্যাচে লাউতারোর পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় আক্রমণে নতুন সমন্বয় তৈরি করতে চাইছেন কোচ।

মাঝমাঠেও দেখা যেতে পারে নতুন সংযোজন। কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে নেমে ভালো প্রভাব রাখা লিয়ান্দ্রো পারেদেস এবার শুরু থেকেই মাঠে নামতে পারেন। তার জায়গা করে দিতে বেঞ্চে থাকতে হতে পারে থিয়াগো আলমাদাকে।

পারেদেসকে মাঝমাঠের নিয়ন্ত্রণে ব্যবহার করতে চান স্কালোনি। এতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে তুলনামূলক আক্রমণাত্মক ভূমিকায় দেখা যেতে পারে। তার সঙ্গে এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পলও নিজেদের দায়িত্ব পালন করবেন।

সম্ভাব্য একাদশে গোলবার সামলাবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে থাকবেন নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হতে পারেন হুলিয়ান আলভারেজ।

মিসরের বিপক্ষে জয় পেলেই শেষ আটে জায়গা করে নেবে আর্জেন্টিনা। বিশ্বকাপ ধরে রাখার লক্ষ্যে স্কালোনির দলের জন্য এই ম্যাচ তাই শুধু আরেকটি নকআউট লড়াই নয়, বরং শিরোপা অভিযানের গুরুত্বপূর্ণ পরীক্ষা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup