

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। টুর্নামেন্ট শেষ হওয়ার পর আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন নেইমার জুনিয়র। ম্যাচ শেষে জাতীয় দলের হয়ে আর না খেলার ইঙ্গিতও দেন তিনি। এর একদিন পর ছেলে নেইমারকে উদ্দেশ্য করে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র।
২০২৬ বিশ্বকাপের জন্য নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে চূড়ান্ত দলে একবারই সুযোগ পান নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মাঠে নামার পর নরওয়ের বিপক্ষে প্রায় ৩০ মিনিট খেলেন তিনি। ওই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে জাতীয় দলের হয়ে নিজের নবম গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ পোস্টে ছেলে নেইমারের ফুটবলজীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত নানা স্মৃতিচারণ করেন নেইমার সিনিয়র। তিনি লেখেন, ‘বাবা, কী অসাধারণ এক যাত্রা! কত সুন্দর একটি পথ, যেখানে ছিল চ্যালেঞ্জ, ছিল কষ্ট, কিন্তু ছিল ঈশ্বরের অশেষ আশীর্বাদও।’
তিনি জানান, ছোটবেলা থেকেই ছেলের মধ্যে আলাদা কিছু দেখেছিলেন। তার ভাষায়, ‘ওটা শুধু প্রতিভা ছিল না, ছিল একটি উদ্দেশ্য।’
নেইমারের বাবা বলেন, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পরিবার বিশ্বাস ও খ্রিস্টান মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হলেও তারা আস্থা হারাননি এবং সেই বিশ্বাসের প্রতিফলনও পেয়েছেন।
ছেলের ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রথম গোল, পেশাদার ফুটবলে অভিষেক, বড় বড় স্টেডিয়ামে খেলা, শিরোপা জয়, ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেওয়া এবং বিশ্বজুড়ে পরিচিতি লাভ—সবকিছুরই সাক্ষী তিনি। তবে একজন বাবা হিসেবে প্রতিটি মুহূর্তে সন্তানের পাশে থাকতে পারাই তার সবচেয়ে বড় অর্জন।
বার্তার একপর্যায়ে ছেলেকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘বাবা, ফুটবল খেলা চালিয়ে যাও। আবারও বল পায়ে খেলার আনন্দ খুঁজে নাও, মাঠে হাসিমুখে ফিরে এসো। ঈশ্বর তোমাকে সুস্থ করে আরেকটি সুযোগ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সমালোচনা, প্রত্যাশা কিংবা জীবনের চাপ নিজের কাঁধে বহন করো না। সব সিদ্ধান্ত মানুষের হাতে থাকে না, কিছু সিদ্ধান্ত শুধুই ঈশ্বরের। একটি সিদ্ধান্ত কখনোই পুরো জীবনকে সংজ্ঞায়িত করে না। একটি স্বপ্ন পূরণ না হলেও তার মানে এই নয় যে সব শেষ।’
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে নেইমার সিনিয়র লেখেন, ‘সামনের দিনগুলোকে ভয় পেয়ো না। আজকে বাঁচো, অনুশীলন করো, খেলো, হাসো, সন্তানদের সময় দাও, পরিবারকে ভালোবাসো। বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও।’
বার্তার শেষাংশে তিনি বলেন, ট্রফি, গোল কিংবা খ্যাতির চেয়েও তিনি ঈশ্বরের আশীর্বাদকে বড় করে দেখেন। তার বিশ্বাস, নেইমারের জীবনে এখনও অনেক সুন্দর অধ্যায় লেখা বাকি।
সবশেষে ছেলেকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘মনে রেখো, পৃথিবী তোমাকে ভালোবাসার আগেই ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন। আর বাবা হিসেবে আমি সবকিছু আবারও করতে প্রস্তুত, প্রতিটি সফর, প্রতিটি ত্যাগ, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি দুশ্চিন্তা এবং প্রতিটি প্রার্থনার জন্য।’

