

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। শিরোপা নির্ধারণের আগে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের জন্য নতুন অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস। ‘ট্রিওন্ডা ফাইনাল’ নামের এই বলেই হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ।
গত বছরের অক্টোবরে প্রকাশিত ‘ট্রিওন্ডা’ বলের উন্নত সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে নতুন এই বল। আগের বলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও পারফরম্যান্স ঠিক রাখা হলেও চূড়ান্ত পর্বের গুরুত্ব তুলে ধরতে এর নকশায় আনা হয়েছে পরিবর্তন।
বিশ্বকাপের শেষ ম্যাচগুলোর জন্য আলাদা বল তৈরির ক্ষেত্রে এবার নতুনত্ব এনেছে অ্যাডিডাস। শুধু রঙ পরিবর্তনের প্রচলিত ধারা থেকে বেরিয়ে এসে ট্রিওন্ডা ফাইনালে যুক্ত করা হয়েছে শিরোপা জয়ের প্রতীকী উপস্থাপন। কালো রঙের ওপর সোনালি নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বিশ্বকাপ ট্রফির আবহ, যা বলটিকে দিয়েছে বিশেষ চেহারা।
এই বলের নকশায় জায়গা পেয়েছে বিশ্বকাপের ১৬টি আয়োজক শহরের পরিচয়ও। শেষ পর্বের ম্যাচ আয়োজন করা ডালাস, আটলান্টা, মায়ামি ও নিউ জার্সিকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মনতেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো ও ভ্যাঙ্কুভারের নামও যুক্ত হয়েছে নকশায়। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।
নতুন বল উন্মোচন নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের শেষ চার ম্যাচে ট্রিওন্ডা ফাইনাল ব্যবহার করতে পেরে তারা আনন্দিত। তার মতে, পুরো টুর্নামেন্টে ট্রিওন্ডা দর্শকদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে, আর নতুন বলটি তিন আয়োজক দেশের ঐক্য ও ফুটবলের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে থাকবে।
প্রযুক্তিগত দিক থেকেও এগিয়ে রয়েছে ট্রিওন্ডা ফাইনাল। এতে ব্যবহার করা হয়েছে অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি, যা ম্যাচ চলাকালে বলের গতিবিধি সম্পর্কিত তথ্য সরবরাহ করতে পারে। এই প্রযুক্তি ভিএআর ব্যবস্থাকে আরও কার্যকর করতে এবং অফসাইডসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দ্রুত নিতে রেফারিদের সহায়তা করবে।

