

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবরটি জানিয়েছেন নির্মাতা অর্পূব রানা। তিনি জানান, সোমবার রাতে নিকেতনে নিজ বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় পার হয়ে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন সড়কে প্রবেশের সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এতে এফ আই মানিকের বাম হাত ভেঙে গেছে বলে জানান তিনি।
বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের অন্যতম সফল নির্মাতা এফ আই মানিক। নব্বইয়ের দশক থেকে শুরু করে দুই হাজার দশকের প্রথম ভাগ পর্যন্ত তিনি একের পর এক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেছেন। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’ ও ‘দাদীমা’। এসব সিনেমার মাধ্যমে তিনি দেশীয় চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
