

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বিশ্বকাপে একের পর এক শক্তিশালী দলের বিদায়ের পর টুর্নামেন্টের চিত্র বদলে গেছে বলে মনে করছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে, এবারের আসরে কোনো দলকেই আর এককভাবে শিরোপার দাবিদার বলা যাচ্ছে না। প্রতিটি ম্যাচেই বড় দলগুলোকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে।
মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। আগের আসরগুলোর মতো এবার পরিষ্কার কোনো ফেভারিট নেই।
তিনি বলেন, ‘আমার মনে হয়, এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন হয়ে উঠেছে। এখানে এখন আর কোনো স্পষ্ট ফেভারিট দল নেই।’
গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে নকআউট পর্বে উঠলেও শেষ ষোলোতে স্বস্তিতে ছিল না বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত সময়ে জয় না আসায় অতিরিক্ত সময়ে গিয়ে ৩-২ ব্যবধানে জিততে হয় তাদের।
শুধু আর্জেন্টিনাই নয়, অন্যান্য শীর্ষ দলও নকআউট পর্বে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স প্যারাগুয়ের বিপক্ষে জয় পায় পেনাল্টি থেকে করা একমাত্র গোলে। অন্যদিকে স্পেনও পর্তুগালকে হারায় যোগ করা সময়ের গোলে।
এর আগে ব্রাজিল রাউন্ড অব- ১৬ এবং জার্মানি ও নেদারল্যান্ডস ছিটকে গেছে রাউন্ড অব ৩২ থেকেই। বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়েও গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি।
বড় দলগুলোর এই ব্যর্থতা প্রসঙ্গে স্কালোনি বলেন, এবারের পরিস্থিতি আগের বিশ্বকাপগুলোর চেয়ে আলাদা। কয়েকটি দলকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরা হলেও তারা প্রত্যাশিত মানের পারফরম্যান্স দেখাতে পারেনি।
আর্জেন্টিনা কোচ মনে করেন, খেলোয়াড়দের শারীরিক চাপও বড় ভূমিকা রাখছে। টানা ম্যাচ, দীর্ঘ ভ্রমণ, প্রচণ্ড গরম, মাঠের অবস্থা ও ঘাসের মান—সবকিছু মিলিয়ে ফুটবলারদের সেরা ছন্দে থাকা কঠিন হয়ে পড়ছে।
তবে নিজের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট স্কালোনি। চার ম্যাচে চার জয়কে ইতিবাচক হিসেবে দেখলেও আরও উন্নতির জায়গা রয়েছে বলে মনে করেন তিনি।
স্কালোনির ভাষ্য, দল হিসেবে তাদের পারফরম্যান্স গ্রহণযোগ্য। জয়ের ধারাবাহিকতা ধরে রাখা গুরুত্বপূর্ণ হলেও প্রতিটি ম্যাচের পর আরও ভালো করার সুযোগ থাকে।

