

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে ইংল্যান্ড। তবে ম্যাচের দুই দিন আগে জুড বেলিংহামের শারীরিক অবস্থা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে দলটির শিবিরে।
নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে জোড়া গোল করে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন বেলিংহাম। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে যাওয়ার সময় তাকে কয়েকবার বাঁ কাঁধে হাত দিতে দেখা যায়। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস প্রকাশিত সেই দৃশ্যের পর থেকেই তার চোট নিয়ে আলোচনা শুরু হয়েছে।
অবশ্য কাঁধের এই সমস্যাটি বেলিংহামের জন্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি একই সমস্যায় ভুগছেন। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে আগের চোট পুরোপুরি সেরে না ওঠায় অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। সেই অস্ত্রোপচারের দাগ এখনও তার কাঁধে স্পষ্ট।
রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগে রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলতে গিয়ে প্রথমবারের মতো কাঁধে গুরুতর চোট পান বেলিংহাম। এরপর থেকে শারীরিক সংঘর্ষ বেশি হওয়া ম্যাচগুলোতে পুরোনো অস্বস্তি মাঝে মধ্যেই ফিরে আসে।
নরওয়ের বিপক্ষেও আক্রমণ ও মাঝমাঠ—দুই জায়গাতেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়েছে ইংলিশ মিডফিল্ডারকে। গোল করার পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেও নিয়মিত লড়াই করতে হয়েছে তাকে। ম্যাচের এক পর্যায়ে বিরতির সময় কাঁধ চেপে ধরে থাকতে দেখা যায় বেলিংহামকে, যা তার অস্বস্তির ইঙ্গিত দেয়।
ইংল্যান্ডের মেডিকেল টিম তার শারীরিক অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখছে। তবে দলীয় সূত্রে বড় কোনো শঙ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে বেলিংহামকে শুরুর একাদশেই দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজন হলে কাঁধে বিশেষ সাপোর্ট বা ব্যান্ডেজ ব্যবহার করেই মাঠে নামার সম্ভাবনাও রয়েছে।
