বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হরিদাসের বিরুদ্ধে ১০ কোটি টাকা হুন্ডির অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০১:১২ পিএম
হরিদাস চন্দ্র তরণী দাস
expand

গাইবান্ধার আলোচিত-সমালোচিত হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা হুন্ডির অভিযোগ এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ অভিযোগে করা মামলায় রোববার (১২ জুলাই) রাতে গাইবান্ধার পলাশবাড়ীর শ্রী শ্রী কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির দাবি, হরিদাসের বিরুদ্ধে দেশি-বিদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা হুন্ডির তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সিআইডি বলছে, অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হরিদাসের পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে।

গাইবান্ধায় ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ করতে চেয়ে দেশজুড়ে আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরণী দাস। প্রশ্ন ওঠে তার অর্থের উৎস নিয়ে। এরপর সম্প্রতি রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার নামে মানি লন্ডারিং মামলা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘রোববার আমাদের এখানে একটি মানি লন্ডারিং মামলা হয়েছে। এই মামলায় তিনি আসামি। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধার পলাশবাড়ীর শ্রী শ্রী কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খানও।

তিনি বলেন, একটি মানি লন্ডারিং মামলায় তাকে আটক করেছে সিআইডি। এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির এলাকায় কোনো অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়নি। মন্দির এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। সেখানে পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank