

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশজুড়ে চলমান বর্ষণ আরও কিছুদিন অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি বলছে, জুলাই মাসজুড়েই বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। তবে প্রতিদিন একই মাত্রায় বৃষ্টি হবে না; কোনো সময় বৃষ্টির পরিমাণ বাড়বে, আবার কিছু সময় তা কমে আসতে পারে।
ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা তুলনামূলক কম থাকতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ৫ জুলাই সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েক দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছিল। নিম্নচাপের প্রভাব কমে এলেও বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে। এ কারণে মাসের বাকি সময়েও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণে দেখা গেছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানী ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সোমবার সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আরও ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া দেশের কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে জলাবদ্ধতা ও স্থানীয়ভাবে স্বল্পমেয়াদি দুর্ভোগের ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
