

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্মার্টফোনে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও ডেকে আনতে পারে বড় ধরনের আর্থিক ক্ষতি। সাইবার অপরাধীরা ভুয়া গুগল ক্রোম ও টিকটক অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে নতুন ধরনের ব্যাংকিং ট্রোজান ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটার-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয় ‘রকারোলা’ (রকআরোলা) নামে পরিচিত এই ম্যালওয়্যার ফোনে প্রবেশের পর ২০০টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। শুধু ব্যাংক অ্যাকাউন্টের তথ্যই নয়, ব্যবহারকারীর ক্রিপ্টোকারেন্সিও চুরির সক্ষমতা রয়েছে এর।
যেভাবে ফাঁদে ফেলছে হ্যাকাররা
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী, প্রতারকরা ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের গুগল ক্রোম বা টিকটক ডাউনলোডে প্রলুব্ধ করছে। অ্যাপ ডাউনলোডের সময় গুগল প্লে প্রোটেক্টের মতো দেখতে একটি ভুয়া সতর্কবার্তা দেখানো হয়। অনেকেই সেটিকে আসল নিরাপত্তা বার্তা মনে করে অনুমতি দিলে ম্যালওয়্যারটি ফোনে ইনস্টল হয়ে যায়।
একবার ফোনে প্রবেশ করলে এটি ব্যাংকিং অ্যাপের হুবহু নকল লগইন পেজ তৈরি করে। ব্যবহারকারী সেখানে নিজের ইউজারনেম ও পাসওয়ার্ড দিলে সেগুলো সরাসরি হ্যাকারদের হাতে চলে যায়।
এ ছাড়া এই ম্যালওয়্যার ফোনের লকস্ক্রিন সংক্রান্ত তথ্য, কনট্যাক্ট তালিকা এবং টাইপ করা তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি ব্যাংকের প্রতারণাবিষয়ক সতর্কবার্তা ও সন্দেহজনক লেনদেন সম্পর্কে আসা ফোনকলও বাধাগ্রস্ত করতে সক্ষম। ফলে ব্যবহারকারী কিছু বুঝে ওঠার আগেই ব্যাংক হিসাব থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতে পারে।
যেভাবে নিরাপদ থাকবেন
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ-
শুধুমাত্র গুগল প্লে স্টোর বা স্যামসাং গ্যালাক্সি স্টোরের মতো অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন। অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না। ফোনে Google Play Protect সক্রিয় আছে কি না নিশ্চিত করুন। সন্দেহজনক পপ-আপ বা নিরাপত্তা সতর্কবার্তা যাচাই ছাড়া অনুমোদন দেবেন না। প্রয়োজন হলে বিশ্বস্ত অ্যান্টিভাইরাস অ্যাপ ব্যবহার করুন। ব্যাংকিং অ্যাপ ব্যবহারে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন।
বিশেষজ্ঞরা বলছেন, সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন কৌশলে ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলছে। তাই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকাই ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব ও ডিজিটাল সম্পদ সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।
সূত্র: এমএসএন
