রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জমির উদ্দিন সরকারকে নিয়ে সারজিস আলমের আবেগঘন স্মৃতিচারণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম
সারজিস আলমের ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি
expand
সারজিস আলমের ফেসবুক পেজ থেকে নেওয়া ছবি

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আবেগঘন স্মৃতিচারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি দিনটির কথা স্মরণ করেন।

সারজিস আলম বলেন, ‘সেদিন জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম দুই পথিকৃৎ, শ্রদ্ধাভাজন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৌভাগ্যক্রমে সেদিন আমিও এনসিপির প্রতিনিধি দলের সদস্য হিসেবে সেখানে উপস্থিত ছিলাম।’

তিনি বলেন, ‘নামাজের বিরতিতে আমি তাদের কাছে যাই, কুশলাদি বিনিময় করি এবং সবশেষে একসাথে একটি ছবি তোলার আগ্রহ প্রকাশ করি। কারণ এই দুজন মানুষ আমার পঞ্চগড়ের এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক অঙ্গনে তারা অন্যতম গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব।’

পোস্টে এ এনসিপি নেতা জানান, ‘শ্রদ্ধেয় মুহাম্মদ জমির উদ্দিন সরকারের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের এমপি, বর্তমানে ঠাকুরগাঁতে থাকলেও তার পৈতৃক নিবাস পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে। আমার পাশের ইউনিয়নে। সেই হিসেবে আমরা ৩ জনই পঞ্চগড়ের মানুষ। ছোটবেলা থেকে তাদের নাম শুনে আমরা বড় হয়েছি। তাই এক ফ্রেমে তিনজনকে ধারণ করার লোভ সামলাতে পারিনি।’

পোস্টের শেষে তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর কথা উল্লেখ করে মরহুমের জন্য ক্ষমা প্রার্থনা ও জান্নাতুল ফিরদাউস কামনা করেন।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup