

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে খিলক্ষেত থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে শনিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে মো. রিফাত ইসলাম ওরফে ‘গাঞ্জা রিফাত’ কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গাঁজা, গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং গাঁজা সেবনে ব্যবহৃত একাধিক কল্কিসহ আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়।
গ্রেপ্তার মো. রিফাত ইসলাম নিকুঞ্জ টানপাড়া এলাকার জামতলার খ-১১৯ নম্বর বাড়ির মো. বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রিফাত দীর্ঘদিন ধরেই নিকুঞ্জ টানপাড়া, জামতলা ও আশপাশের এলাকায় ‘গাঞ্জা রিফাত’ নামেই পরিচিত। তাদের অভিযোগ, সে শুধু গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন না; বরং এলাকায় মাদকসেবীদের একটি সক্রিয় নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। প্রকাশ্যে মাদক সেবন, নির্জন স্থানে আড্ডা এবং নতুনদের মাদকের দিকে আকৃষ্ট করার অভিযোগও দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে উঠেছে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, “মাদকের বিরুদ্ধে খিলক্ষেত থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। নিকুঞ্জ, টানপাড়া, জামতলা ও সমগ্র খিলক্ষেত এলাকায় আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। রাজনৈতিক পরিচয়, সামাজিক প্রভাব কিংবা অন্য কোনো পরিচয়ে কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা মাদক ব্যবসা করবে, মাদক সেবনের আসর পরিচালনা করবে কিংবা তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দেবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এলাকাবাসীর প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে নিকুঞ্জ টানপাড়া, জামতলা এবং সমগ্র খিলক্ষেত এলাকাকে মাদকমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য আবাসিক এলাকায় পরিণত করা সম্ভব হবে।
