শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৭:৩১ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে চলমান বৃষ্টিপাত আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তবে মঙ্গলবার (১৪ জুলাই) থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। গত কয়েক দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। যদিও গত ২৪ ঘণ্টায় এসব অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে, তবুও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা এখনো বজায় রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

তিনি বলেন, রোববার ও সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোনাসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুর অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে না যাওয়ার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন