বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ও কিশোরী হত্যাকাণ্ডে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ এএম আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম
জামায়াত আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকা ও নরসিংদীতে সাম্প্রতিক কয়েকটি নৃশংস হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

তিনি উল্লেখ করেন, ঢাকায় ৬ বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে।

জামায়াত আমির অভিযোগ করেন, এসব ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং কিছু ক্ষেত্রে প্রশাসনের চরম শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে। অপরাধীদের বিচার নিশ্চিত করার বদলে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করার চেষ্টা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল বলেও মন্তব্য করেন তিনি।

শিশু তাহিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, কার ইশারায় ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং কারা এখন মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে-তা জনগণের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন।

তিনি বলেন, দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং অপরাধীদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।

শফিকুর রহমান বলেন, ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান তিনি।

পোস্টের শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন জামায়াতের এই শীর্ষ নেতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup