

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। একইসঙ্গে প্রতিষ্ঠানটি ১৮০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়।
সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিনিধিদলের সদস্যরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দেশের বিনিয়োগবান্ধব নীতি ও সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
সৌদি প্রতিনিধিদল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি বে টার্মিনাল নির্মাণ করতে চায়। পাশাপাশি বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে বন্দর, রেলওয়ে এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহী বলেও প্রতিনিধিদল জানায়। তারা ইতোমধ্যে এসব খাতে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করেছে এবং বিষয়টি নিয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে উল্লেখ করে।
বাংলাদেশ সফর এবং বিনিয়োগে আগ্রহ প্রকাশ করায় সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জবাবে প্রতিনিধিদলের সদস্যরা বলেন, তারা সৌদি আরবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সাক্ষাতে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন সৌদি আরবের বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।