বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান খেলাফত মজলিসের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম
খেলাফত মজলিসের উদ্যোগে ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
expand
খেলাফত মজলিসের উদ্যোগে ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

খেলাফত মজলিসের উদ্যোগে ‘গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের দায়িত্ব জাতীয় সংসদ তথা সংবিধান সংস্কার পরিষদের ওপর ন্যস্ত থাকলেও এ পর্যন্ত কার্যক্রমে জনগণ হতাশ হয়েছে।

বক্তারা উল্লেখ করেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণ থেকে শুরু করে বর্তমান অধিবেশনের কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। ইতোমধ্যে সংসদে গুরুত্বপূর্ণ ১১টি অধ্যাদেশ বাতিল করা হয়েছে। শপথ গ্রহণের পর থেকেই সরকার দলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ গঠনে উদ্যোগ না নেওয়ায় এই সংকটের সূচনা হয়েছে।

তারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিক সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডে ‘জুলাই জাতীয় সনদ’ অবমূল্যায়িত হয়েছে। সংবিধানের অপব্যাখ্যা দিয়ে সরকার গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

বক্তারা সংবিধানের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাই জনগণের প্রত্যক্ষ রায়—গণভোট—রাষ্ট্রের যেকোনো প্রতিষ্ঠানের সিদ্ধান্তের তুলনায় নৈতিকভাবে ঊর্ধ্বে। সংসদ বা আদালত হলো গঠিত শক্তি (Constituted Power), আর জনগণের রায় হলো গাঠনিক ক্ষমতা—যা সর্বোচ্চ।

তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের অর্থ জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। এটি কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য জরুরি।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান-‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ সরাসরি কার্যকর করতে হবে, সংবিধান সংস্কার পরিষদ দ্রুত গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং গণভোট অধ্যাদেশ-২০২৫ এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি উপেক্ষা করা হলে জনগণ আবারও গণআন্দোলনে নামতে বাধ্য হবে।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। মূল বক্তব্য দেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল।

আলোচক হিসেবে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন