রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সারোয়ার আটক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৪:৩৪ এএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৮ আগস্ট) বিমানবন্দরের ডমেস্টিক ফ্লাইটের বহির্গমন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বিমানবন্দরে অভিযান চালিয়ে গোলাম সারোয়ার খানকে আটক করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি নথিপত্র ব্যবহার করে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক হিসেবে পরিচয় দিতেন। ওই পরিচয়ের ভিত্তিতে ডেনমার্কের ট্রাভেল ডকুমেন্টও সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে দেশ ছেড়ে ওমানে যাওয়ার চেষ্টা করছিলেন গোলাম সারোয়ার। বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকেই তাকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ গণমাধ্যমকে জানান, গোলাম সারোয়ার খান বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী। বড় সাজ্জাদের নেতৃত্বে ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রামের অপরাধজগতে আলোচিত নাম বড় সাজ্জাদ বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। অভিযোগ রয়েছে, বিদেশে অবস্থান করেও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে দেশে থাকা সহযোগীদের অপরাধমূলক কর্মকাণ্ডে নির্দেশনা দিয়ে থাকেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ এবং জেলার হাটহাজারী ও রাউজান এলাকায় বড় সাজ্জাদের সহযোগীদের তৎপরতা রয়েছে। ব্যবসায়ীদের ফোন করে হুমকি, চাঁদাবাজি, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন