

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালির রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০০ বাংলাদেশির অবস্থা জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি জানান, ঢাকা থেকে রোমে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। এয়ারপোর্টে আটকে পড়া যাত্রীদের মধ্যে এরই মধ্যে ১০০ জনকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। বাকি যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাত ১১টায় এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি জানান, বিমানবন্দরে আটকে থাকা অসুস্থ, বয়স্ক ও শিশু যাত্রীদের বিশেষভাবে দেখভাল করা হচ্ছে। তাদের প্রয়োজনীয় ওষুধপত্রেরও ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে বিমানবন্দরে অবস্থান করে যাত্রীদের খোঁজখবর রাখছেন।
প্রতিমন্ত্রী বলেন, উড়োজাহাজটির মেরামতের কাজ শুরু করেছেন প্রকৌশলীরা। দ্রুত মেরামত শেষ করে পরবর্তী কার্যক্রম নেওয়ার চেষ্টা চলছে। ঢাকায় সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতির সর্বশেষ তথ্য নেওয়া হচ্ছে।
বিমান জানায়, শুক্রবার (৭ আগস্ট) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দর থেকে পরিচালিত বিজি৩০৬ ফ্লাইটের নির্ধারিত উড়োজাহাজটি বর্তমানে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড (এওজি)’ অবস্থায় রয়েছে। এর কারিগরি ত্রুটি সমাধানের জন্য প্রকৌশলী দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ঢাকা থেকে বিজি৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে।