রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুঃসংবাদের দিন সুখবরও পেলেন মেসি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

একদিকে বাবাকে হারানোর শোক, অন্যদিকে ফুটবল নিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন। লিওনেল মেসির জন্য সময়টা সহজ নয়। বিশ্বকাপের পর বাবার অসুস্থতার খবর পেয়ে আর্জেন্টিনার রোজারিওতে ছুটে গিয়েছিলেন তিনি। কয়েক দিন বাবার পাশে থাকার পর ফিরেছিলেন যুক্তরাষ্ট্রে। এরপর আবারও এল দুঃসংবাদ ‘হোর্হে মেসি আর নেই’।

এই কঠিন সময়ের মধ্যেই মেসি পেলেন আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্পষ্ট করে দিয়েছে, জাতীয় দল থেকে মেসির বিদায়ের সিদ্ধান্ত তাঁর ওপর চাপিয়ে দেওয়া হবে না। তিনি যত দিন খেলতে চান, তত দিনই খেলবেন; এমন অবস্থানই নিয়েছেন এএফএ সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া।

আর্জেন্টিনার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেন, মেসির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র মেসির। অন্য কেউ তাঁর হয়ে ঠিক করতে পারেন না, কখন থামবেন তিনি।

তাপিয়ার বক্তব্যে তাই একটা বিষয় পরিষ্কার, মেসিকে অবসরের দিকে ঠেলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষের।

মেসিকে নিয়ে অবসরের প্রশ্নটা নতুন নয়। ২০২২ বিশ্বকাপের পরও প্রশ্ন উঠেছিল, আর কত দিন তাকে দেখা যাবে আর্জেন্টিনার জার্সিতে। ২০২৬ বিশ্বকাপের আগে সেই প্রশ্ন আবারও সামনে এসেছিল।

কিন্তু প্রতিবারই মাঠের পারফরম্যান্স সেই প্রশ্নের উত্তরকে পিছিয়ে দিয়েছে। ৩৯ বছর বয়সেও ২০২৬ বিশ্বকাপে মেসি ছিলেন আর্জেন্টিনার অন্যতম প্রধান ভরসা। পুরো টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স এমন পর্যায়ের ছিল যে বয়স নিয়ে আলোচনাটাই অনেক সময় গৌণ হয়ে গেছে।

তাপিয়ার চোখেও এবারের বিশ্বকাপে মেসির গুরুত্ব ছিল আলাদা। তার মতে, দলের সবচেয়ে বড় নেতা ছিলেন মেসিই। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে তাঁকে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও মনে করেন এএফএ সভাপতি।

আর্জেন্টিনা শেষ পর্যন্ত স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১–০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি। কিন্তু শিরোপা হারালেও মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ ছিল কম।

গত ২৪ জুন ৩৯ বছরে পা দিয়েছেন মেসি। এত বয়সেও বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া।বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্টও করেছেন তিনি। ব্যক্তিগত রেকর্ডের দিক থেকেও টুর্নামেন্টটি ছিল উল্লেখযোগ্য।

বিশ্বকাপ ক্যারিয়ারে ১৬ গোলের মাইলফলক পেরিয়ে মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও ছাড়িয়ে যান মেসি। যদিও শেষ পর্যন্ত তাঁকে ছাড়িয়ে যান কিলিয়ান এমবাপে, যিনি টুর্নামেন্ট শেষ করেন ২২ গোল নিয়ে।

তবু মেসির বয়সে এমন পারফরম্যান্সই এখন নতুন প্রশ্ন তৈরি করছে—তিনি যদি এভাবেই খেলতে পারেন, তাহলে থামবেন কেন?

বিশ্বকাপ শেষ হওয়ার পর আর্জেন্টিনার পরবর্তী আন্তর্জাতিক সূচি সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে। ওই সময়ে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

এর মধ্যেই আলোচনা শুরু হয়েছে, দেশের মাটিতে পরের ম্যাচটিই কি মেসির বিদায়ী ম্যাচ হতে পারে? এএফএ সভাপতি তাপিয়ার বক্তব্য অবশ্য সেই সম্ভাবনাকে নিশ্চিত করছে না। বরং তার অবস্থান হলো, মেসি যত দিন নিজের ইচ্ছায় খেলতে চান, তাকে খেলতে দেওয়া উচিত।

২০২৮ সালের কোপা আমেরিকাও সামনে রয়েছে। আর্জেন্টিনা সেখানে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে। অর্থাৎ মেসির সামনে এখনো একাধিক পথ খোলা। তিনি চাইলে খুব শিগগিরই জাতীয় দলকে বিদায় বলতে পারেন। আবার চাইলে আরও কয়েক বছর আর্জেন্টিনার জার্সিতে খেলতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন