রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারের ফলে আস্থা ফিরছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম
expand
সংস্কারের ফলে আস্থা ফিরছে পুঁজিবাজারে: অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারে ব্যাপক সংস্কার, স্বচ্ছ নিয়ন্ত্রক ব্যবস্থা এবং বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে ফিরে আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এরই ইতিবাচক প্রভাব হিসেবে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এবং সূচকেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য মো. কামরুল হাসানের (ময়মনসিংহ-৬) এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি এ বক্তব্য দেন।

অর্থমন্ত্রী বলেন, পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দায়িত্ব নেওয়ার পর থেকেই ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। গত দুই মাস ধরে শেয়ারবাজারে ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। সরকার একজন চেয়ারম্যান ও তিনজন কমিশনার নিয়ে নতুন কমিশন গঠন করেছে। আরও একজন কমিশনার নিয়োগের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, বর্তমান কমিশনের কোনো সদস্য রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাননি। নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ স্বচ্ছ।

অর্থমন্ত্রী বলেন, ‘কাউকে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়নি। অর্থমন্ত্রী হিসেবে আমিও ব্যক্তিগতভাবে তাদের কাউকে আগে চিনতাম না। নিয়োগ প্রক্রিয়া এতটাই স্বচ্ছ ছিল যে, নিয়োগের আগে তাদের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না।’

নতুন কমিশনের সদস্যদের যোগ্যতার বিষয়ে তিনি বলেন, তারা সবাই অভিজ্ঞ ও পেশাদার। দেশি-বিদেশি পুঁজিবাজার সম্পর্কে তাদের বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী সরকারের আমলে পুঁজিবাজারে সংঘটিত অনিয়ম ও কারসাজির বিষয়ে তিনি বলেন, জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের বিস্তারিত তথ্য বিএসইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ সময় করব্যবস্থা সহজীকরণের বিষয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি জানান, নতুন ব্যবস্থায় নির্ধারিত ফ্ল্যাট-রেট কর পরিশোধ করে করদাতারা একটি রসিদ সংগ্রহ করতে পারবেন। তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে না এবং কর কর্মকর্তাদের অপ্রয়োজনীয় হয়রানির মুখোমুখিও হতে হবে না।

তিনি বলেন, নতুন করদাতাদের করজালের আওতায় আনা এবং স্বেচ্ছায় কর পরিশোধে উৎসাহিত করতেই এই সহজীকৃত ব্যবস্থা চালু করা হচ্ছে। করভিত্তি পর্যাপ্ত সম্প্রসারিত হলে পরবর্তী সময়ে বিদ্যমান কর আইন অনুযায়ী ধাপে ধাপে নিয়মিত করব্যবস্থা কার্যকর করা হবে।

অন্যদিকে রংপুর-৩ আসনের বিরোধী দলের সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে মুজিববর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচিতে মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছিল।

তিনি বলেন, সরকার শুধু মুজিববর্ষের ব্যয় নয়, পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন খাতে হওয়া ব্যয়ও পর্যালোচনা করছে। মূল্যায়ন প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup