শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১০ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জুলাই গণঅভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দেড় বছর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন অনুষ্ঠিত হচ্ছে গণভোটও। যেখানে মানুষ কিছু মৌলিক সংস্কারের পক্ষে বা বিপক্ষে ‘হ্যাঁ’- ‘না’ ভোটের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এবারের নির্বাচন সাধারণ জাতীয় সংসদ নির্বাচনের মতো নয়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে এটি হতে পারে গণতান্ত্রিক উত্তরণের প্রথম ধাপ। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের সূচনা হিসেবে দেখা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভোট সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এবারের নির্বাচনে সারাদেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে, প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।

১৯৯১ সাল থেকে সব অংশগ্রহণমূলক নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা সাধারণত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হয়ে আসতো। এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী জোটের মধ্যে। স্বাধীনতার পর প্রথমবারের মতো জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ, নারী ভোটার প্রায় ৬ কোটি ২৮ লাখ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভোট গ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, পুলিশ ও বিজিবিসহ ৯ লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। ভোট দেওয়ার জন্য দুই দিন ধরে বিপুলসংখ্যক মানুষ উৎসবমুখর পরিবেশে বাস, লঞ্চ ও ট্রেনে গ্রামের উদ্দেশে ঢাকা ছাড়তে দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী বাংলাদেশের রাজনৈতিক গতি ও পরবর্তী সরকারের ধরন অনেকটাই নির্ভর করছে আজকের নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার ওপর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X