বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা থেকে সুখবর পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ এএম
expand

বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই আরও একটি সুখবর পেয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফিফার লাইভ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন উঠে এসেছে দ্বিতীয় স্থানে, আর ফ্রান্স নেমে গেছে তিন নম্বরে।

সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা পেয়েছে ২৬.৯০ র‌্যাঙ্কিং পয়েন্ট। এতে লিওনেল স্কালোনির দলের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১,৯৭০.৩৭। দ্বিতীয় স্থানে থাকা স্পেনের সংগ্রহ ১,৯৬৫.৬১ পয়েন্ট। ফলে ফাইনালের আগে দুই দলের ব্যবধান মাত্র ৪.৭৬ পয়েন্ট।

আটলান্টার সেমিফাইনালে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি। তার বাড়ানো বল থেকে ৮৫ মিনিটে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ।

এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির নিখুঁত ক্রসে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। নাটকীয় ২-১ ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা।

অন্য সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে সবচেয়ে বেশি ৩০.৮২ র‌্যাঙ্কিং পয়েন্ট অর্জন করেছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের দল টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইতালির সর্বকালের রেকর্ডেও ভাগ বসিয়েছে। ফাইনালে অপরাজিত থাকলেই আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘতম অপরাজিত যাত্রার নতুন রেকর্ড গড়বে স্প্যানিশরা।

অন্যদিকে সেমিফাইনালে বিদায় নিলেও ফ্রান্স ও ইংল্যান্ডের র‌্যাঙ্কিংয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের নকআউট পর্বে পরাজয়ের কারণে র‌্যাঙ্কিং পয়েন্ট কাটা হয় না। ফলে ফ্রান্স রয়েছে তৃতীয় স্থানে এবং ইংল্যান্ড চতুর্থ স্থান ধরে রেখেছে।

এখন শিরোপার পাশাপাশি ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার লড়াইটাও হবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে। ২০ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণের ম্যাচে মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank