

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পুনর্মিলনীর আয়োজন করেছে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ধানমন্ডি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ডিএক্সএসএ)। আগামী ১৮ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ মহামিলনমেলা।
শনিবার (১১ জুলাই) বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের নেতারা।
আয়োজকরা জানান, এবারের পুনর্মিলনীতে দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গ্র্যান্ড গ্লোবাল রিইউনিয়ন’ অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিক্ষকদের অবদানের স্বীকৃতি, কৃতী প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন স্মারক আয়োজন থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস ওয়াহিদ (ব্যাচ–১৯৬৯) এবং জনপ্রিয় ব্যান্ড আর্কের প্রধান কণ্ঠশিল্পী সৈয়দ হাসানুর রহমান হাসান (ব্যাচ–১৯৮৬)। এ ছাড়া ডিএক্সএসএর অ্যাডহক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ডিএক্সএসএ-এর সদস্য সাব্বির হোসেনের লেখা, সুর করা ও কণ্ঠে পরিবেশিত একটি গান প্রদর্শন করা হয়। গানটিতে স্কুলজীবনের স্মৃতি, সহপাঠীদের প্রতি ভালোবাসা এবং পুরোনো দিনে ফিরে যাওয়ার আবেগ ফুটে ওঠে।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষাদানে অবদান রাখা শিক্ষকদের সম্মান জানাতে প্রথমবারের মতো ‘হল অব ফেম’ চালু করা হবে। পাশাপাশি চিকিৎসা, প্রকৌশল, শিল্প-সংস্কৃতি, উদ্যোক্তা, সরকারি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা কৃতী প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হবে। প্রবীণ প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্যও থাকবে বিশেষ আয়োজন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চে পারফর্ম করবেন ফেরদৌস ওয়াহিদ এবং আর্ক ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হাসান।
সংবাদ সম্মেলনে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এই স্কুল আমার জীবনের ভিত্তি। ৬০ বছর পূর্তির এই আয়োজনে নিজের প্রিয় বিদ্যালয়ের জন্য গান গাইতে পারা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত হবে।’
হাসান বলেন, ‘আর্কের প্রতিটি সুরের পেছনে এই স্কুলের অনুপ্রেরণা রয়েছে। ১৮ ডিসেম্বর সেই ঋণের কিছুটা হলেও শোধ করার সুযোগ পাব।’
ডিএক্সএসএর আহ্বায়ক এহতেশাম এইচ খান বলেন, ‘ডিএক্সএসএ শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের শিকড়ে ফেরার প্রতিশ্রুতি। ৬০ বছরের এই যাত্রাকে আমরা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে চাই।’
সংগঠনের সদস্যসচিব মাহফুজ বিন ইউসুফ বলেন, ‘ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় একটি জীবন্ত উত্তরাধিকার। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে এ আয়োজনকে স্মরণীয় করে তোলাই আমাদের লক্ষ্য।’
উল্লেখ্য, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ডিএক্সএসএ বর্তমানে ১১ সদস্যের একটি ‘অ্যাডহক’ কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
