মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আভারি ওভারসিজের বিরুদ্ধে মামলায় নারাজি, ডিবিকে তদন্তের নির্দেশ

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
ছবি: সংগৃহীত
expand

ইউরোপে পাঠানোর কথা বলে অর্থ নেওয়ার অভিযোগে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান আভারি ওভারসিজের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদনে নারাজি জানিয়েছেন বাদী। পরে মামলাটি গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ছয় ব্যক্তিকে ১৪ লাখ টাকা ফেরতের দাবিতে আইনি নোটিশ দিয়েছেন এক ভুক্তভোগী।

সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মনিরুজ্জামানের মাধ্যমে গত ৬ সেপ্টেম্বর পাঠানো আইনি নোটিশে রফিকুল ইসলামের কাছ থেকে নেওয়া ১৪ লাখ টাকা ১০ দিনের মধ্যে চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মোহাম্মদ ফারহান, গোলাম রাব্বানী, মাহফুজুর রহমান, মো. বাহালুল ইসলাম, শাহানাহ আক্তার ও রিতা।

রফিকুল ইসলামের অভিযোগ, পর্তুগালে কাজের ভিসা দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১৪ লাখ টাকা নেওয়া হয়। পরে তাকে পর্তুগালের পরিবর্তে কাতারে পাঠানো হয়। সেখানে প্রায় পাঁচ মাস অনিশ্চয়তার মধ্যে রেখে অতিরিক্ত অর্থ দাবি, শারীরিক নির্যাতন ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে ফিরে এ ঘটনায় বাড্ডা থানায় লিখিত অভিযোগ করেন রফিকুল।

অন্যদিকে, কিশোরগঞ্জের কুলিয়ারচরের মো. মনিরুজ্জামানের অভিযোগ, পর্তুগালে পাঠানোর কথা বলে তার ও তার ভাই মোস্তাফিজ জামানের কাছ থেকে ১৮ লাখ ৫৫ হাজার টাকা নেয় আভারি ওভারসিজ। এ ঘটনায় ২০২৫ সালের ২১ অক্টোবর নরসিংদীর সিআর আমলি আদালতে মামলা করেন তিনি।

মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ ফারহান, পরিচালক মাহফুজুর রহমান, জেনারেল ম্যানেজার মো. বাহারুল ইসলাম এবং ভিসা কনসালট্যান্ট শাহানাজ আক্তারকে আসামি করা হয়।

মামলার বাদীর অভিযোগ, টাকা নেওয়ার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাদের পর্তুগালে পাঠানো হয়নি। দেওয়া হয়নি বৈধ ভিসা বা প্রয়োজনীয় কাগজপত্রও। টাকা ফেরত চাইলে হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মামলাটির তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করার পর সম্প্রতি ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মনিরুজ্জামান। পরে আদালত মামলাটি গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।

এদিকে আভারি ওভারসিজের বিরুদ্ধে বাড্ডা থানায় আরও একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন কয়েকজন ভুক্তভোগী। তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ইউরোপে উচ্চ বেতনের চাকরি ও বৈধ ভিসার বিজ্ঞাপন দিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হলেও পরে প্রতিশ্রুত চাকরি বা ভিসা দেওয়া হয়নি।

কয়েকজন ভুক্তভোগীর দাবি, ইউরোপে পাঠানোর কথা বলে তাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাদের অনিশ্চিত অবস্থায় রাখা হয় বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে আভারি ওভারসিজের মোহাম্মদ ফারহানসহ অভিযুক্ত কয়েকজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank