বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাবলেটের সুযোগ নিয়ে ১১ ভরি স্বর্ণালংকার লুট, গ্রেফতার ২

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৬ এএম
স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেফতার দুজন
expand
স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেফতার দুজন

‎রাজধানীর বংশাল এলাকায় ফ্ল্যাট বাসায় সাবলেট ভাড়া নিয়ে স্বর্ণালংকার চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।

‎বুধবার (১ এপ্রিল) ডিএমপির সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

‎গ্রেফতারকৃতরা হলো- শেখ জালামিন ও মাধব চন্দ্র ধর।

‎বংশাল থানা সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বংশাল মালিটোলা রোড মক্কা দুলারী টাওয়ার সপ্তম তলায় শেখ জালামিন ও তাঁর স্ত্রীকে সাবলেট হিসেবে ভাড়া দেওয়া হয়। গত ২৫ মার্চ সকালে ফ্ল্যাটের মালিক পরিবারসহ চাঁদপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় বাসায় তাদের রেখে যান।

পরবর্তীতে ২৭ মার্চ বিকেল চারটার পর বাসায় ফিরে এসে তারা দেখতে পান, কক্ষের দরজার তালা ভাঙা। এতে তারা চুরির বিষয়টি নিশ্চিত হন।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ ৩০ হাজার টাকা, তিনটি স্বর্ণের চেইন, চারটি রুলি, চারটি আংটি, চারটি নাকফুল, দুটি ছোট চেইন, দুই জোড়া কানের দুলসহ মোট ১১ ভরি ২ আনা ওজনের স্বর্ণালঙ্কার।

এছাড়া একটি স্মার্টফোন, ফ্ল্যাটের দলিল, ইসলামী ব্যাংকের চেক বই এবং ব্যবসায়িক গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম সোহান বংশাল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

‎বংশাল থানা সূত্রে আরও জানা যায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৩১মার্চ) সকাল সাতটার পর বংশাল থানার ফুলবাড়ীয়া মোড়ে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি শেখ জালামিনকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন, চেক বই ও জমির দলিল উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাতীবাজার এলাকার শরীফ জুয়েলার্সের ম্যানেজার মাধব চন্দ্র ধরকে ৮ দশমিক ৪ রতি ওজনের একটি স্বর্ণের চেইনসহ গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন