মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছরেও ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র হয়নি: রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাড়ে ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো অভিযোগপত্র দাখিল না হওয়ায় প্রশ্ন তুলেছেন তার বাবা রফিউর রাব্বি। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণ জানতে চেয়ে দ্রুত বিচার শুরুর দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬২ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

রফিউর রাব্বি বলেন, “সাড়ে ১৩ বছর অতিবাহিত হলেও এখনো ত্বকী হত্যার অভিযোগপত্র তৈরি হয়নি। আমরা জানতে চাই, এখন এই বিলম্বের কারণ কী? এখনো কী ঘাতকদের রক্ষার চেষ্টা হচ্ছে কি না? শেখ হাসিনা সরকারের কালো ছায়া এই সরকারের ওপর আছে কি না, আমরা জানি না।”

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশে দুর্বৃত্ত রক্ষার যে রাজনীতি তৈরি হয়েছিল, তার ধারাবাহিকতা যেন এখনো বজায় রাখার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, “আমরা এ রাজনীতির বদল চাই। মানুষের পক্ষের রাজনীতি চাই।”

রফিউর রাব্বি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে খুন, চাঁদাবাজি, দখল ও রাহাজানিতে নারায়ণগঞ্জবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। ত্বকীর ঘাতকরা চিহ্নিত হওয়ার পরও তারা প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “ত্বকী হত্যার বিচারের ১০৬টি ধার্য তারিখ অতিবাহিত হয়েছে। দুইটি সরকারের বদল হয়েছে, অথচ অভিযোগপত্র এখনো তৈরি হয়নি।”

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপন্থের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব ও সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা জিয়াউল ইসলাম কাজল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, সিপিবির জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তারা ত্বকী হত্যাসহ সাগর-রুনি, তনু এবং নারায়ণগঞ্জে সংঘটিত সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে ত্বকী হত্যার বিচার ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখে আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank