শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:০২ এএম
ইফতারে বিরিয়ানি খেয়ে হাসপাতালে ভর্তি হন অর্ধশতাধিক শ্রমিক
expand
ইফতারে বিরিয়ানি খেয়ে হাসপাতালে ভর্তি হন অর্ধশতাধিক শ্রমিক

ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় ইফতারের বিরিয়ানি খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

বৃহস্পতিবার (১২ মার্চ) ইফতারের সময় ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের চেচুয়ার মোড় এলাকায় গ্লোবাল সুজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রমিক সূত্রে জানা যায়, গ্লোবাল সুজ কারখানাটিতে প্রায় এক হাজার ২শ’ শ্রমিক কর্মরত আছেন। রমজানে প্রতিদিনই শ্রমিকদের জন্য কারখানার পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার ইফতারের জন্য ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজারের খান হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়।

গ্লোবাল সুজ কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া জানান, ইফতার করার ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন এবং একে একে অনেকে অসুস্থ হয়ে পড়েন।

কারখানার সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার ইফতারে বিরিয়ানি দেয়া হয়। বিরিয়ানি খাওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

কারখানার সুয়িং ইনচার্জ কামরুল ইসলাম জানান, সিডষ্টোর বাজারের খান হোটেল থেকে আনা ইফতারের খাবার হিসেবে শ্রমিকদের বিরিয়ানি দেয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান জানান, বিরিয়ানি খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকজন শ্রমিক হাসপাতালে আসেন। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই মেডিক্যাল অফিসার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন