বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধা সংবর্ধনা ঘিরে সংঘর্ষ, ছাত্রদলের সদস্য সচিবও ছিলেন আমন্ত্রিত

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম
ঢাকা কলেজ। ছবি: সংগৃহীত
expand
ঢাকা কলেজ। ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় ছাত্রদলের সদস্য সচিবসহ দুই নেতাকে আমন্ত্রণ জানানো হয়। তবে অনুষ্ঠান শুরুর আগেই ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা কলেজের ২ নম্বর গ্যালারিতে অনুষ্ঠানের ব্যানার টানানোর সময় এ ঘটনা ঘটে। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে কলেজ ক্যাম্পাস ও রাজধানীর সায়েন্সল্যাব এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, 'জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি" শীর্ষক আলোচনা সভা এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল ঢাকা কলেজ শাখা ছাত্রশিবির। অনুষ্ঠানের প্রস্তুতির সময় ব্যানার টানাতে গেলে সেখানে হামলার ঘটনা ঘটে।'

ঢাকা কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি সাইমুন ইসলাম সানি দাবি করেন, কলেজ প্রশাসনের অনুমতি নিয়ে ব্যানার টানাতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান।

তিনি বলেন, অনুষ্ঠানে জুলাই যোদ্ধা হিসেবে ছাত্রদলের সদস্য সচিবসহ দুই নেতাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ব্যানার টানানোর সময় শেখ মোশাররফ হোসেন পারভেজ, দীন মোহাম্মদ ও সাগরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়।

তার দাবি, হামলায় ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান এবং পরে তাকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আরও ২২ জন নেতাকর্মী আহত হন, যার মধ্যে একজনের পা ভেঙে যাওয়ার অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন অভিযোগ করেন, ছাত্রশিবির পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তারা অবস্থান নিয়েছেন এবং ক্যাম্পাসে ছাত্রশিবিরকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ঘটনার পর দিনভর ঢাকা কলেজ ক্যাম্পাস ও সায়েন্সল্যাব এলাকায় উত্তেজনা বিরাজ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন