

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পরিবারের সঙ্গে দুই সপ্তাহেরও বেশি সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর জর্জিয়ার রাজধানী তিবিলিসির একটি হোটেল থেকে থাই ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর লুন সোলোর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৯ জুলাই দেশটির পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তিবিলিসির একটি হোটেল কক্ষ থেকে লুন সোলোর মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ভক্ত ও অনুসারীরা।
লুন সোলোর প্রকৃত নাম বোওয়ার্নথাত পেংসুক। তিনি নিজের ভ্রমণভিত্তিক ইউটিউব চ্যানেলের জন্য নতুন কনটেন্ট তৈরির উদ্দেশ্যে জুলাইয়ের শুরুতে জর্জিয়া সফরে যান। মরদেহ উদ্ধারের পর জর্জিয়ার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে তার মৃত্যুর কারণ বা কী পরিস্থিতিতে তিনি মারা গেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে লুন সোলোর ভাই প্রকাশ্যে তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছিলেন। পরিবারের দাবি, গত ১৩ জুলাইয়ের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরিবারের এক ঘনিষ্ঠজন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া কয়েকটি বার্তার মাধ্যমে লুন সোলোর ভাই সোমসাক বুতশ্রী প্রথমে মৃত্যুর খবর জানতে পারেন। পরে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরিবার থাইল্যান্ডের কনস্যুলার কর্মকর্তাদের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষা করে।
ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা হিসেবে লুন সোলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় ছিলেন। একা ব্যাকপ্যাকিং করে বিভিন্ন দেশ ভ্রমণ এবং স্বল্প খরচে ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতেন তিনি। ফেসবুকে তার অনুসারী ছিল প্রায় ২৪ লাখ এবং ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল ১০ লাখের বেশি।
ছোটবেলায় বাবাকে হারানোর পর থাইল্যান্ডের কালাসিন অঞ্চলে দাদীর কাছে বেড়ে ওঠেন লুন সোলো। উচ্চ মাধ্যমিক শেষ করে প্রথমে একটি কারখানায় কাজ করেন। পরে স্কলারশিপ নিয়ে ব্যাংককের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করেন। এরপর স্থায়ী চাকরি ছেড়ে পূর্ণকালীন কনটেন্ট নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং স্বল্প ব্যয়ে বিশ্বভ্রমণের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন।