

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে বিদ্যালয় কেন্দ্রটিতে আগুনের ফুলকির মতো কিছু দেখা যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনের স্থায়িত্ব ছিল প্রায় এক মিনিট। এতে বিদ্যালয়ের দুটি দরজায় কালো দাগ ও সামান্য ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আঁখি রাণী দাস বলেন, “সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুনের মতো কিছু দেখা গেছে—এমন খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে যায়। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সুনারু গ্রামের বাসিন্দা স্বরবিন্দু দাশ জানান, রাত ১টার দিকে তারা জানতে পারেন কয়েকজন দুর্বৃত্ত কেন্দ্রটিতে আগুন দেওয়ার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয় এবং স্থানীয় লোকজনও সেখানে ছুটে যান। তবে এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি দাবি করেন, তারা আগুন দিতে ব্যর্থ হয়েছে এবং দুটি দরজা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, এলাকাবাসীর একটি অংশের ধারণা, গ্রামটির বাসিন্দা ও বর্তমানে লন্ডনে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক নেতার অনুসারীরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
ঘটনার পর কেন্দ্র এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করা হবে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন