সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে রাস্তার পাশে ময়লা ফেলা নিয়ে মানববন্ধন

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম
রাস্তার পাশে ময়লা ফেলা নিয়ে মানববন্ধন
expand
রাস্তার পাশে ময়লা ফেলা নিয়ে মানববন্ধন

গাজীপুরের টঙ্গী এলাকায় রাস্তার পাশে ময়লা ফেলা কেন্দ্র করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ডের খৈরতুল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ডা. সজীব খান। এ সময় স্বাধীন, তরিকুল ইসলাম, রাসেল ও ওলিসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সরকার পরিবর্তনের পর গাজীপুরের বিভিন্ন এলাকায় ময়লার ব্যবসার মালিকানায় পরিবর্তন আসে। বর্তমানে যারা এ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন, তারা অধিক লাভের আশায় মানুষের চলাচলের স্থানেও ময়লার ডাম্পিং স্থাপন করছেন। এর ফলে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার পাশেই ৫১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গাজীপুরা ২৭ ব্যাংকপাড়া এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট থেকে সড়কের পাশে একটি অস্থায়ী ময়লার ডাম্পিং গড়ে তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে ময়লা স্তুপ করে রাখায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে প্রায় এক লাখ বাসিন্দা ও ব্যবসায়ী দুর্ভোগে পড়েছেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, উক্ত ডাম্পিং স্থানের ঠিক সামনেই একটি মাছ ও সবজির আড়ৎ রয়েছে। ফলে মশা-মাছির মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সড়কের পাশ থেকে ময়লার ডাম্পিং অপসারণ করে পরিকল্পিত ও নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল ও ব্যবসা পরিচালনা করতে পারেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন