

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট কর্মসূচি চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থার মাধ্যমে একই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেই পর্যটন ভিসা, বিমান টিকিট, হোটেল বুকিংসহ প্রয়োজনীয় প্রায় সব ভ্রমণসেবা সম্পন্ন করা যাবে।
মঙ্গলবার (০৭ জুলাই) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি পরিচালিত হবে।
নতুন ব্যবস্থার আওতায় ভ্রমণকারীরা একই ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়া-আসার বিমান টিকিট বুকিং, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। এ ছাড়া ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, পর্যটন কার্যক্রম ও ভ্রমণ অভিজ্ঞতাও একই প্যাকেজে যুক্ত করা যাবে। ফলে ভিসা, ফ্লাইট ও হোটেলের জন্য আলাদা আলাদা আবেদন বা বুকিংয়ের প্রয়োজন হবে না।
তবে এ সুবিধা কেবল অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে পাওয়া যাবে। এসব প্রতিষ্ঠানের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রয়োজনীয় প্রযুক্তিগত সক্ষমতা এবং ২৪ ঘণ্টার গ্রাহকসেবা থাকতে হবে।
সৌদি সরকারের ভিশন ২০৩০ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পর্যটন খাতকে আরও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়ন করছে দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বীমা কর্তৃপক্ষ।
এর আগে সৌদি আরব ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা এবং স্টপওভার ট্রানজিট ভিসাসহ একাধিক সহজীকৃত ভিসা ব্যবস্থা চালু করে। এসব উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৫ সালে দেশটিতে ২ কোটি ৯০ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, নতুন প্যাকেজ ভিসা ব্যবস্থার মাধ্যমে পর্যটকদের ভ্রমণ আরও সহজ, স্মার্ট ও নির্বিঘ্ন হবে। একই সঙ্গে এটি পর্যটন খাতের অংশীদারদের সক্ষমতা বাড়াবে এবং সৌদি আরবকে আরও আকর্ষণীয় বৈশ্বিক ভ্রমণ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় সহায়ক হবে।
সরকারের প্রত্যাশা, নতুন এ উদ্যোগ বিদেশি পর্যটকদের অবস্থানের সময়, পর্যটন কার্যক্রমে অংশগ্রহণ এবং দেশটিতে পর্যটন ব্যয় আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
