

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। গত জুনে রাজ্যসভার সদস্য হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর এবার মন্ত্রিসভা থেকেও সরে দাঁড়ালেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বিট্টু।
আম আদমি পার্টি (আপ) শাসিত পাঞ্জাবে বিজেপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার কাজেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাভনীত সিং বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি লেখেন, ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আরও বলেন, ‘ভারত এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের মানুষের সেবা করতে পারা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। নতুন উদ্যমে জনগণের সেবায় কাজ চালিয়ে যাব।’
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। একই বছর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। পরে কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনের অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে তাঁকে রাজ্যসভার সদস্য মনোনীত করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিট্টুর পদত্যাগ বিজেপির নির্বাচনী কৌশলের অংশ হতে পারে। তাঁর রাজ্য রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখার সম্ভাবনাই এখন বেশি বলে মনে করা হচ্ছে।